সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের পরিমাণ বাড়ার পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও ঊর্ধ্বমুখী ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৯ পয়েন্টে।
এ ছাড়া শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩১ দশমিক ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে ডিএসইতে মোট ১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার তুলনায় বেশি।
এদিন মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ১৩৩টির দর কমেছে এবং ৪৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

